সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে হাউজি জুয়া খেলার সময় ১৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি, নগদ অর্থ ও বিভিন্ন যানবাহন জব্দ করা হয়। থানা সূত্রে জানা যায়, গত শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাতে আদমদীঘি থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর কলেজপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানে স্থানীয় মো. হারুনুর রশিদের বাড়ির সংলগ্ন দক্ষিণ পাশে একটি মুরগির শেডে অভিযান চালিয়ে হাউজি জুয়া খেলারত অবস্থায় ১৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে হাউজি খেলার সরঞ্জামাদি, নগদ ২৫ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়। এছাড়াও জুয়া খেলতে আসার জন্য ব্যবহৃত ৫টি মাইক্রোবাস, একটি প্রাইভেট কার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, পৃথক দুটি অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত একজন এবং সিআর ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোট ১৫ জন আসামিকে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।