নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

বাঙালির চিরায়ত ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দ-উচ্ছ্বাসের প্রতীক পহেলা বৈশাখ নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নতুন বাংলা বছরকে স্বাগত জানায় জেলার সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। ঢাক-ঢোল, পালকি, ঢেঁকি, কুলাসহ গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী নানা উপকরণে সাজানো শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে।

ডিসি মোড় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাংলা সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরেন। পাশাপাশি দর্শনার্থীদের জন্য ছিল ঐতিহ্যবাহী পান্তা ভাত, ইলিশ, মুড়ি-মুড়কি ও গ্রামীণ খাবারের আয়োজন।

অনুষ্ঠানে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম)সহ সরকারি কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

নতুন বছরকে উৎসবমুখর পরিবেশে বরণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। তারা জানান, এ ধরনের আয়োজন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top