মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটলো নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের। তাদের যাতায়াতের দুর্ভোগ লাঘবে চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি)’র একটি বাস সেবা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ বাস সেবার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিসি দিনাজপুর ডিপোর ম্যানেজার মোস্তাফিজার রহমান, বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক মাহবুবুর রহমান এবং ট্রাফিক পুলিশের পরিদর্শক শাহ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
৫৩ আসনবিশিষ্ট সরকারি এই বাসটি প্রতিদিন পাঁচ দফায় শিক্ষার্থীদের আনা-নেওয়া করবে। সদর উপজেলার পলাশবাড়িস্থ মেডিক্যাল কলেজ থেকে নীলফামারী জেনারেল হাসপাতাল পর্যন্ত নির্ধারিত রুটে চলাচল করবে বাসটি, যা শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসে অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেডিক্যাল কলেজ সূত্রে জানা যায়, ব্যবহারিক ক্লাসের জন্য শিক্ষার্থীদের প্রতিদিন প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত জেনারেল হাসপাতালে যেতে হতো। পর্যাপ্ত যানবাহনের অভাবে তাদের নিয়মিতই চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। এ প্রেক্ষাপটে একটি নির্ভরযোগ্য বাস সেবার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।
কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন বলেন, “প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় তিনশ’ শিক্ষার্থী অধ্যয়নরত। তাদের যাতায়াতের কষ্ট লাঘবে বিআরটিসির সঙ্গে চুক্তির মাধ্যমে এই বাসটি চালু করা হয়েছে। আজ থেকে শিক্ষার্থীরা স্বস্তিতে যাতায়াত করতে পারবে।”
তিনি আরও বলেন, “শিক্ষক-শিক্ষার্থীদের এতদিন যে দুর্ভোগ পোহাতে হয়েছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। এই বাস সেবা চালুর মধ্য দিয়ে সেই দীর্ঘ ভোগান্তির অবসান হলো।”
শিক্ষার্থীদের মতে, এই উদ্যোগ তাদের একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সময় ও খরচ—দুই দিক থেকেই স্বস্তি এনে দেবে। স্থানীয়দেরও প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে শিক্ষা খাতে আরও ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।