মুরাদনগরে বন্ধুত্বের অনন্য নজির: বন্ধুর কষ্ট ভাগ করে নিতে ৯ বন্ধুর মাথা ন্যাড়া, ভাইরাল মানবিক গল্প

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

বন্ধুত্ব মানে শুধু আনন্দ ভাগাভাগি নয়—দুঃখ-কষ্টেও একে অপরের পাশে থাকা। এমনই এক হৃদয়ছোঁয়া ঘটনার জন্ম দিয়েছেন কুমিল্লার মুরাদনগরের একদল যুবক, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে হাজারো মানুষের হৃদয় ছুঁয়েছে।

উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খৈয়াখালী বাজারের একটি সেলুনে গত বুধবার (১৫ এপ্রিল) ঘটে এই ব্যতিক্রমী ঘটনা। পরবর্তীতে শুক্রবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের সজীব নামের এক যুবক মাথার ত্বকের সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে নিজের মাথার চুল ন্যাড়া করেন। বন্ধুর এই কষ্টের খবর জানতে পেরে তার পাশে দাঁড়াতে অনন্য সিদ্ধান্ত নেন তার ৯ বন্ধু। একে একে সবাই নিজেদের মাথার চুল ন্যাড়া করে বন্ধুর প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন।

এই মানবিক বন্ধুত্বের নজির স্থাপন করেন কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ, মো. মোমেন, মো. নাজিম, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম ও মো. সাগর।

বন্ধুরা জানান, সজীব যেন মানসিকভাবে একা না হয়ে পড়ে, সেজন্যই তারা এই সিদ্ধান্ত নেন। স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া বলেন, “এটাই প্রকৃত বন্ধুত্ব, যেখানে সুখ-দুঃখ সবকিছুই ভাগ করে নেওয়া হয়।”

পরবর্তীতে বন্ধুদের এই ভালোবাসার জবাবে সজীব বৃহস্পতিবার দুপুরে খৈয়াখালী বাজারের ‘মাই ডিয়ার চটপটি হাউজ’-এর ছাদে তাদের সম্মানে একটি ব্যতিক্রমী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে লটারির মাধ্যমে প্রথম পুরস্কার হিসেবে একটি খাসি, দ্বিতীয় পুরস্কার একটি রাজহাঁস এবং তৃতীয় পুরস্কার একটি দেশি মোরগ প্রদান করা হয়। এছাড়া বাকি সকল বন্ধুকে একটি করে হাতঘড়ি উপহার দেওয়া হয়।
এই ঘটনা প্রমাণ করেছে—রক্তের সম্পর্ক নয়, হৃদয়ের সম্পর্কই অনেক সময় সবচেয়ে গভীর ও শক্তিশালী হয়ে ওঠে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top