২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে বজ্রপাতে ভ্যানচালক নিহত, গুরুতর আহত স্কুল শিক্ষক

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা উপজেলায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ভ্যানে থাকা আখতারুজ্জামান (৩৮) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার খালিসা খুটামারা এলাকা থেকে দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রাকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাবলু হোসেন উপজেলার কাঠালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই দিনও শিক্ষক আখতারুজ্জামানকে অটোভ্যানে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন লাবলু হোসেন। পথিমধ্যে হঠাৎ করে বজ্রপাত হলে ঘটনাস্থলেই লাবলুর মৃত্যু হয়। এ সময় ভ্যানে থাকা শিক্ষক আখতারুজ্জামান গুরুতর আহত হন।

আহত শিক্ষকের বুকের ডান পাশে দগ্ধ হওয়ার কথা জানা গেছে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর স্থানীয়রা নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, বজ্রপাতে মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চলমান মৌসুমে দেশে বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ায় বিশেষজ্ঞরা খোলা জায়গায় অবস্থান না করা, ঝড়-বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিচ্ছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top