বৈষম্যবিরোধী অন্দোলনের ছয় সমন্বয়ক টানা কয়েক দিন পর গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয় থেকে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই শুরু হয় নানা আলোচনা। বেরিয়ে আসে নানা তথ্য।
একটি দৈনিক পত্রিকার সঙ্গে কথা হয় সমন্বয়ক নাহিদ ইসলামের। তিনি বলেন, এই মুহূর্তে শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয়। বাসায় ফিরেই স্যালাইন নিয়েছি। একটু সুস্থ হলে ছয়জন মিলে বসে সব কথা ক্লিয়ার করে বলব।
নাহিদ ইসলাম বলেন, ডিবি থেকে মিডিয়ায় কথা বলতে নিষেধ করা হয়েছে। তারা তাদের মতো করে বলেছে। কিন্তু আমরা তাদের কথা শুনব না। আমরা আমাদের মতো করে সবই বলব। এক্ষেত্রে আমাদের একটু সময় দেন। আগে আমাদের সুস্থতা দরকার।
নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম বলেন, এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই। কথা বলার মতো পরিস্থিতি হলে সে সবই জানাবে।
ডিবি থেকে বের মুক্তি পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি এ স্ট্যাটাস দেন।
তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে নির্মম হত্যাকাণ্ডের বিচার, দায়ীদের পদত্যাগ ও নির্বিচারে গণগ্রেপ্তারের প্রতিবাদে কর্মসূচি চলমান থাকবে। গত ১৯ জুলাই থেকে অকথ্য নির্যাতন-নিপীড়ন সহ্য করছি। আপোষহীনতার জন্য যে কোন মূল্য দিতে প্রস্তুত আছি।
তিনি আরও বলেন, রাজপথের আন্দোলনের সিদ্ধান্ত রাজপথ থেকেই আসবে। ডিবি অফিস থেকে ইচ্ছার বিরুদ্ধে আদায়কৃত ঘোষণা প্রত্যাখ্যান করে রাজপথে নেমে আসা ছাত্র-জনতাকে সালাম জানাই।