মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজের নূর মোহাম্মদ খাঁন মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে ৩১ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্ট রাজশাহী।
নবাবগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিএনসিসি পিইউও মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ফাহিমা খাতুন।
প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অধিদপ্তর বর্তমানে চাহিদা হ্রাস, সরবরাহ নিয়ন্ত্রণ এবং ক্ষতি কমানোর তিনটি কৌশল নিয়ে কাজ করছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু মাদক উদ্ধার বা আইনি ব্যবস্থা গ্রহণ নয়, বরং সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করা।”
সভায় বক্তারা মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে তরুণ প্রজন্মকে এ ভয়াবহতা থেকে দূরে রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী ১০ জন ক্যাডেটের মধ্যে মাদকবিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে উপস্থিত সবাই মাদকবিরোধী শপথ পাঠ করেন এবং মাদকের বিরুদ্ধে প্রতীকী ‘লাল কার্ড’ প্রদর্শন করেন।