২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গুরুদাসপুরে একই রাতে ৬ টি গরু চুরি, অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলায় একই রাতে পৃথক দুটি ঘটনায় গরু চুরি ও সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে একটি পরিবারের প্রায় ১০ লাখ টাকার গরু চুরি হওয়ার পাশাপাশি অপর এক ব্যবসায়ীর বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, সোমবার গভীর রাতে উপজেলার আনন্দনগর টেকনিক্যাল কলেজসংলগ্ন এলাকায় রমজান হাজির পরিবারের গোয়ালঘর থেকে ৬টি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী পরিবারের সদস্য আজিজুল হক জানান, রাত ১০টার দিকে গরুগুলো দেখে তিনি ঘুমিয়ে পড়েন। পরে রাত আড়াইটার দিকে কলেজের নাইটগার্ড বিষয়টি জানালে চুরির ঘটনা জানতে পারেন। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

অন্যদিকে, একই রাতে পৌরসদরের কামারপাড়া এলাকায় ব্যবসায়ী আনিছুর রহমান সোনার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ভোররাত প্রায় ৪টার দিকে জানালা ভেঙে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাকে ও তার স্ত্রীকে বেঁধে ফেলে। এ সময় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে ৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে নেয় তারা।

ভুক্তভোগী আনিছুর রহমান বলেন, “মুখ বাঁধা ডাকাতরা চাপাতি ও হাসুয়া নিয়ে আমাদের জিম্মি করে। শব্দ করলে হত্যার হুমকি দেয়। পরে সবকিছু নিয়ে চলে যায়।”

এদিকে গরু চুরির ঘটনার পরপরই আজিজুল হক মোটরসাইকেলে করে চাচকৈড় পুরাতন ব্রিজ এলাকায় গিয়ে খোঁজ নেন। সেখানে নাইটগার্ডের কাছ থেকে জানতে পারেন, একটি পিকআপভর্তি গরু ব্রিজ পার হয়ে নদীর ধারের মাছের আড়তের সামনে দিয়ে চলে গেছে। পরবর্তীতে নয়াবাজার পর্যন্ত খোঁজ করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top