সৈয়দপুর রেলওয়ে কারখানায় তার চুরি দায়ে কর্মচারী চাকরিচ্যুত

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে দেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানায় বৈদ্যুতিক তার চুরির অভিযোগে এক কর্মচারীকে আটক করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে কারখানার অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম নুর নবী। তিনি কারখানার ঢালাই শপে কর্মরত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী (টিএলআর)। তার বাড়ি সৈয়দপুর শহরের সাহেবপাড়া আমিন মোড় এলাকায়।

কারখানা সূত্রে জানা যায়, দুপুরের কর্মবিরতির সময় নুর নবী ব্যাগে করে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার নিয়ে কারখানা থেকে বের হওয়ার চেষ্টা করেন। গেইটে নিয়মিত তল্লাশির সময় নিরাপত্তা কর্মীদের হাতে তিনি হাতেনাতে ধরা পড়েন। পরে জিজ্ঞাসাবাদ শেষে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নুর মোহাম্মদ জানান, “কারখানার প্রতিটি সম্পদ রাষ্ট্রীয় সম্পদ—এখানে চুরির কোনো সুযোগ নেই। নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় এ ধরনের অপচেষ্টা দ্রুত শনাক্ত করা হচ্ছে।”

তিনি আরও জানান, অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় নুর নবীকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তবে শ্রমিক ইউনিয়ন ও স্থানীয় নেতাদের অনুরোধে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হয়নি।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, “রেলওয়ে কারখানায় তার চুরির ঘটনার বিষয়ে এখনো থানাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি। ফলে এ বিষয়ে আমাদের কাছে কোনো লিখিত অভিযোগও নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কারখানা কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা ব্যবস্থার কঠোর নজরদারির ফলে চুরি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এর আগে একই কারখানার ক্যারেজ শপে চুরির সময় এক বহিরাগতকে হাতেনাতে আটক করে কারাগারে পাঠানো হয়েছিল।

এ ঘটনায় সরকারি সম্পদ সুরক্ষায় আরও কঠোর অবস্থানে থাকার বার্তা দিয়েছে কর্তৃপক্ষ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top