মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
দেশজুড়ে গুরুত্বপূর্ণ সরকারি ও রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে সম্ভাব্য নাশকতার আশঙ্কার প্রেক্ষাপটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উচ্চ নিরাপত্তা সতর্কতা বা ‘হাই সিকিউরিটি অ্যালার্ট’ জারি করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকেই বিমানবন্দরজুড়ে নজরদারি, তল্লাশি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সতর্কতার অংশ হিসেবে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), আনসার সদস্যসহ অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা অতিরিক্ত দায়িত্ব পালন শুরু করেছেন। বিমানবন্দরের অভ্যন্তরীণ এলাকা, টার্মিনাল ভবন, রানওয়ে সংলগ্ন এলাকা এবং প্রবেশ ও বহির্গমন পথগুলোতে বাড়তি টহল জোরদার করা হয়েছে।
যাত্রী ও দর্শনার্থীদের প্রতিটি প্রবেশপথে কঠোর তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহজনক ব্যক্তি, যানবাহন ও মালামালের ওপর বিশেষ নজরদারি রাখা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ.কে.এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে এখনো কোনো লিখিত নির্দেশনা পাওয়া যায়নি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশনার ভিত্তিতে উচ্চ সতর্কতা জারি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, সৈয়দপুর বিমানবন্দরে হামলার বিষয়ে নির্দিষ্ট কোনো হুমকি নেই। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাড়তি সতর্কতা হিসেবে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিমানবন্দর সবসময়ই কঠোর নিরাপত্তা বলয়ে থাকে, বর্তমানে তা আরও শক্তিশালী করা হয়েছে।
এদিকে বিমানবন্দরের স্পর্শকাতর ও সীমিত প্রবেশাধিকারযুক্ত এলাকাগুলোতে নিরাপত্তা সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিশেষ টিমও।
উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি, প্রশাসনিক ও রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতার পরিকল্পনার আশঙ্কায় পুলিশ সদর দপ্তর থেকে বিশেষ গোয়েন্দা সতর্কতা জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে দেশের সব বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।