মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
দেশের বৃহত্তম ও ঐতিহ্যবাহী সৈয়দপুর রেলওয়ে কারখানা-এর সক্ষমতা বাড়াতে নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণের কথা জানিয়েছেন মো. আফজাল হোসেন। তিনি বলেন, কারখানায় একটি স্বতন্ত্র বগি অ্যাসেম্বলি শপ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে কোচ মেরামত ও সংযোজন সক্ষমতায় বড় ধরনের অগ্রগতি আসবে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিল। প্রকল্পের প্রাথমিক সক্ষমতা যাচাই ও সম্ভাব্য অর্থায়ন কাঠামো নিয়ে তারা পরিদর্শনে অংশ নেয়।
মহাপরিচালক বলেন, বর্তমানে সৈয়দপুর কারখানায় একসঙ্গে তিনটি ক্যারেজ মেরামতের সক্ষমতা রয়েছে। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে তা বাড়িয়ে ১০টি পর্যন্ত উন্নীত করা সম্ভব হবে। এতে রেলওয়ের কোচ সংকট কমবে, মেরামত কাজের গতি বাড়বে এবং যাত্রীসেবার মান উন্নত হবে।
তিনি আরও বলেন, দেশের রেলব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে পুরোনো স্থাপনাগুলোকে নতুন প্রযুক্তির আওতায় আনা হচ্ছে। সৈয়দপুর কারখানার সম্প্রসারণ সেই পরিকল্পনারই অংশ।
পরিদর্শনকালে ডিজি কারখানার বিভিন্ন শপ ঘুরে দেখেন এবং উৎপাদন, যন্ত্রপাতি, রক্ষণাবেক্ষণ ও জনবল পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি রেলওয়ের বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, কর্মপরিবেশ এবং আধুনিক যন্ত্রপাতি সংযোজনের বিষয়েও আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এফ এম মহিউদ্দিন, ফরিদ আহমেদ, তহিদুল ইসলাম, শরিফুল ইসলামসহ কারখানা ও ওপেন লাইন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টদের মতে, নতুন প্রকল্প বাস্তবায়িত হলে সৈয়দপুর রেলওয়ে কারখানা শুধু রেলওয়ের সক্ষমতা বাড়াবে না, বরং উত্তরাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।