শিবগঞ্জ উপজেলায় অবৈধভাবে ডিজেল পাচারের চেষ্টা করার অভিযোগে একটি ফিলিং স্টেশনের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

মোহাঃ রকিব উদ্দীন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

রোববার রাতে উপজেলার একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রশাসনের অনুমতি ছাড়াই ড্রামে করে বাল্ক আকারে ইটভাটায় ডিজেল সরবরাহ করা হচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম, যিনি ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বও পালন করেন।

অভিযান চলাকালে ফিলিং স্টেশন থেকে চারটি ড্রামে রাখা মোট প্রায় ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এসব ডিজেল অনুমোদনহীনভাবে সংরক্ষণ ও সরবরাহের জন্য প্রস্তুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয় প্রশাসন। পরে জব্দকৃত ডিজেল পুনরায় ফিলিং স্টেশনের ট্যাংকে সংরক্ষণ করা হয়, যাতে তা নিয়ম অনুযায়ী বিক্রি করা যায়।

এ ঘটনায় ফিলিং স্টেশনের মালিক জাহিরুল কাইয়ুম বাবরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদালতের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড ভোক্তাদের স্বার্থের পরিপন্থী এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, অনুমোদন ছাড়া বাল্ক আকারে জ্বালানি তেল সরবরাহ করা সম্পূর্ণ অবৈধ এবং এর মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট বা মূল্য অস্থিরতা তৈরি হতে পারে। তাই এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থ রক্ষা এবং জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আইন মেনে কার্যক্রম পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top