২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

খোকসায় খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার খোকসা উপজেলায় চলমান খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান। সম্ভাব্যভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে গ্রহণ করা উন্নয়ন উদ্যোগের অংশ হিসেবে শিমুলিয়া ইউনিয়নের তাতীপাড়া গ্রামে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক সরেজমিনে উপস্থিত হয়ে খনন কাজের অগ্রগতি ও গুণগত মান পর্যালোচনা করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসকের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন খোকসা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ দোস্তদার হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়ভাবে জেলা প্রশাসককে স্বাগত জানান খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী এবং পৌর বিএনপির সভাপতি এ জেড জি রশিদ রেজা বাজু মুন্সীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ দোস্তদার হোসেন জানান, জানিপুর, মোড়াগাছা ও শিমুলিয়া ইউনিয়নে মোট প্রায় সাড়ে ১১ কিলোমিটার খাল খননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে প্রায় দেড় কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ড্রোনের মাধ্যমে পুরো প্রকল্প এলাকা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি কৃষি উৎপাদন বৃদ্ধিতে খাল খননের গুরুত্ব তুলে ধরে কাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান বলেন, “এ বিষয়ে এখনো আমরা কোনো চূড়ান্ত বার্তা পাইনি। তবে আগমন নিশ্চিত হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে।”

তিনি আরও জানান, খোকসায় চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং জনগণের কল্যাণে এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে খোকসায় খাল খনন কার্যক্রম স্থানীয় কৃষি ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্টদের আশা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top