নীলফামারীতে স্কুল মাঠ সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদর উপজেলার চাপড়া কাছারি উচ্চ বিদ্যালয়ের জরাজীর্ণ ও জলাবদ্ধ মাঠ দ্রুত সংস্কারের দাবিতে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে শেষ ঘণ্টার ক্লাস বর্জন করে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়ে তারা মাঠ সংস্কারের জোর দাবি জানায়। এ সময় শিক্ষকরাও শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

বিক্ষোভ চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইলিয়াস হোসেন, আকলিমা বেগম, নবম শ্রেণির শিক্ষার্থী মুহিন ইসলাম, অষ্টম শ্রেণির ইসরাত জাহান, সপ্তম শ্রেণির সৈকত ইসলামসহ অন্যান্য শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত পাঠদানের পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য উপযোগী মাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মাঠটি বেহাল অবস্থায় থাকায় শিক্ষার্থীরা নানা ভোগান্তির শিকার হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে থাকে। মাঠ নিচু হওয়ায় পাশের সড়কের পানিও ঢুকে পড়ে, ফলে বছরের অধিকাংশ সময় মাঠ কাদাময় অবস্থায় থাকে। এতে খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাবেশসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমনকি মাঠের ওপর দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে।

তারা আরও জানায়, মাঠের এই করুণ অবস্থার কারণে শিক্ষার্থীদের শারীরিক চর্চা ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। বিদ্যালয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে, যা ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বলেন, “মাঠটি নিচু হওয়ায় সংস্কার ও মাটি ভরাটের জন্য একাধিকবার উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। তবে এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি। বিদ্যালয়ের নিজস্ব তহবিল দিয়ে এত বড় মাঠ সংস্কার করা সম্ভব নয়।”

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত মাঠ সংস্কারে সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, শিক্ষার্থীদের স্বার্থে অবিলম্বে প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে মাঠটি সংস্কার করা হলে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে নতুন গতি ফিরবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top