মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সদর উপজেলার পলাশবাড়ী এলাকায় মসজিদের সোলার ব্যাটারি চুরির অভিযোগে তারেক ইসলাম (১৬) নামে এক কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক তারেক ইসলাম একই গ্রামের তোতা মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিয়াপাড়া জামে মসজিদে স্থাপিত সোলার বিদ্যুতের একটি ব্যাটারি চুরি করে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিল ওই কিশোর। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা হাট-বাজারে সতর্কবার্তা দেন। পরে হরতকীতলা বাজারের একটি দোকানে ব্যাটারিটি বিক্রির জন্য রাখলে দোকানদারের সন্দেহ হয়। তিনি বিষয়টি মসজিদ কমিটির সদস্যদের অবহিত করেন।
খবর পেয়ে মসজিদ কমিটির সদস্যরা বাজারে গিয়ে নিশ্চিত হন যে সেটি মসজিদের ব্যাটারি। কিছুক্ষণ পর তারেক ইসলাম সেখানে এলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।
মসজিদের মুয়াজ্জিন জানান, “মাগরিবের নামাজ শেষে মসজিদে তালা দিয়ে বাড়ি চলে যাই। ইশার নামাজের সময় এসে দেখি সোলার ব্যাটারি নেই। পরে বিষয়টি মসজিদ কমিটি ও স্থানীয়দের জানাই।”
স্থানীয় মুসল্লি নুরনবী ইসলাম বলেন, “মসজিদের মতো পবিত্র স্থানেও চুরির ঘটনা ঘটছে, এটি খুবই দুঃখজনক। তারেকের বিরুদ্ধে আগেও এলাকায় ছোটখাটো চুরির অভিযোগ ছিল। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।”
এদিকে এলাকাবাসীর অভিযোগ, কিশোর অপরাধে জড়িয়ে পড়ার পেছনে অসামাজিক পরিবেশ ও নেশার প্রভাবও থাকতে পারে। তারা প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের দায়িত্বশীলদের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
এবিষয়ে তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানায়, আটক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।