মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আর্তমানবতার সেবায় আবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নীলফামারীর ডিমলা সীমান্ত এলাকায় সুবিধাবঞ্চিত ও এতিম শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী তুলে দিয়েছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।
বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে চিলাহাটী, কেতকীবাড়ী ও কালীগঞ্জ সীমান্ত এলাকার বিভিন্ন এতিমখানার প্রায় ৪০ জন শিক্ষার্থীর মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিজিবির এমন উপহার পেয়ে শিশুদের চোখে-মুখে আনন্দের ঝিলিক দেখা যায়।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজিউর রহমান (পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী তুলে দেন। বালাপাড়া কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক (এডি) মোঃ আব্দুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেতকীবাড়ী বিওপি কমান্ডার হাবিলদার মোহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজিউর রহমান বলেন: ”সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশ রক্ষা আমাদের প্রধান ব্রত হলেও, সীমান্তবর্তী মানুষের সুখে-দুঃখে পাশে থাকা বিজিবির একটি নৈতিক দায়িত্ব। শিক্ষার আলো থেকে যেন কোনো শিশু বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক ও কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখব।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়াবে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে অনুপ্রেরণা যোগাবে।
অনুষ্ঠানে উপস্থিত এতিমখানার শিক্ষকরা বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কিনতে পারে না। বিজিবির এই সময়োপযোগী সহায়তা তাদের শিক্ষা জীবনকে আরও গতিশীল করবে।
অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।