মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার উপ-প্রশাসনিক কর্মকর্তার বাসভবনে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ৩ টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারে ওই ডাকাতির ঘটনা ঘটে। এসময় উপপ্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম ও তার সহধর্মীকে বেঁধে রেখে দুই ভরির স্বর্ণলংকার ও নগদ ৪০ হাজার টাকা লুট করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৩ টার দিকে উপজেলা কোয়ার্টারের রুপালী ভবনের নিচতলায় জানালার গ্রিল ভেঙ্গে প্রবেশ করে দূধর্ষ ডাকাত দল। প্রবেশ করেই তিনটি শয়ন কক্ষে অস্ত্র নিয়ে জিম্মি করে পরিবারের সদস্যদের।
পরে শয়ন কক্ষে সিরাজুল ইসলামকে বেঁধে রেখে তাঁর স্ত্রীকে দেশীয় অস্ত্র ধরে আলমারি ভেঙ্গে দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে চিৎকার করলে অন্য কোয়ার্টারে বসবাসরত লোকজন এসে তাঁকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ সেই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
ওসি মনজুরুল আলম বলেন, ডাকাতদল ধরতে অভিযান অব্যাহত রয়েছে।