৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে এ,এ,ইউবি’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী মহাকাশ জয়ের স্বপ্ন বুনছেন উত্তরের শিক্ষার্থীর

রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ

দেশের উত্তরাঞ্চলের সীমান্ত জেলা লালমনিরহাটে এখন শুধু ফসলের মাঠ কিংবা সীমান্ত রেখা নয়, ডানা মেলছে মহাকাশ জয়ের স্বপ্ন। বিশেষায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউবি) তার গৌরবময় পথচলার সপ্তম বছরে পদার্পণ করেছে।

শনিবার (২ মে, ২০২৬) লালমনিরহাট সদরের হাড়িভাঙ্গায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় এই প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এই বিশ্ববিদ্যালয় থেকে পাস করা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানীরাই একদিন বাংলাদেশের বিমান ও মহাকাশ প্রযুক্তিকে বিশ্বের দরবারে তুলে ধরবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, “লালমনিরহাটের এই মাটি থেকেই একদিন দেশের বিমান ও স্যাটেলাইট প্রযুক্তির বিপ্লব ঘটবে। এই বিশ্ববিদ্যালয়টি কেবল একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে এক নতুন দিগন্ত। এখানকার শিক্ষার্থীরা তাদের মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের এভিয়েশন সেক্টরকে স্বয়ংসম্পূর্ণ করবে।”

মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি ও গবেষণাগারগুলো পরিদর্শন করেন তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী গবেষণার প্রশংসা করে বলেন, সেদিন আর বেশি দূরে নয়, যখন আমাদের দেশের মহাকাশ গবেষণার নেতৃত্ব দেবে এই লালমনিরহাটের শিক্ষার্থীরা।

উক্ত অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বৃহত্তর রংপুর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও জীবনযাত্রার মানে ব্যাপক পরিবর্তন আসতে শুরু করেছে। স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি উচ্চশিক্ষার এক নতুন পরিবেশ তৈরি হয়েছে এই অবহেলিত জনপদে। বিশেষ করে মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গায় স্থায়ী ক্যাম্পাস চালুর পর থেকে পুরো এলাকার চিত্র বদলে যেতে শুরু করেছে।

সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিশেষ এভিয়েশন ম্যাগাজিন ‘স্পেস অ্যান্ড বিয়ন্ড’-এর বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও অর্জন নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজিব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক।

উল্লেখ্য, ২০১৯ সালে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করলেও, ২০২২ সালের জুলাই মাসে লালমনিরহাটে স্থায়ী ক্যাম্পাসে এর একাডেমিক কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হয়। বর্তমানে চারটি অনুষদের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কয়েকশ শিক্ষার্থী মহাকাশ বিজ্ঞান ও বিমান প্রকৌশল নিয়ে পড়াশোনা করছেন, যারা আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top