মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
কিশোর-কিশোরীদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে সারা দেশের সঙ্গে নীলফামারীতেও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। শনিবার (২ মে) বিকেলে কেন্দ্রীয় উদ্বোধনের পর নীলফামারী জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে জেলা পর্যায়ে এ প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়।
একই সময়ে সিলেট জেলা স্টেডিয়াম থেকে কেন্দ্রীয়ভাবে দেশের সব জেলায় অনলাইনের মাধ্যমে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য। নিয়মিত খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, দক্ষ ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
নীলফামারীতে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাইদুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
জেলা স্টেডিয়ামে বর্ণিল সাজসজ্জা, ব্যান্ড পারফরম্যান্স, খেলোয়াড়দের শপথ গ্রহণ এবং আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।
এদিকে একই দিন বিকেলে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক-বালিকা)-এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলায় বালিকা বিভাগে জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউসি সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে। বালক বিভাগে ডোমার উপজেলার ঘাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।
খেলায় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে মাঠে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, জেলার তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং নতুন প্রতিভা তুলে আনতে বছরব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে।