মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা উপজেলায় পৃথক দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৩ মে) দুপুরে উপজেলার যশাই ও পাট্টা ইউনিয়নে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে এ উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়। একইসঙ্গে পরিবেশ রক্ষায় খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুল ইসলাম এবং উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. চাঁদ আলী খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যশাই ইউনিয়নের নারু কুন্ডুর ঘাট এলাকা থেকে পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। খনন কার্যক্রমের পাশাপাশি খালের পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে খাল পুনঃখনন বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে পাংশার দুটি খালের কাজ শুরু হয়েছে। কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের অন্তত ১৭টি গ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এবং কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, যশাই ইউনিয়নের ঢেঁকিপাড়া খালের ৯ কিলোমিটার পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩১ লাখ ৭৭ হাজার ৯২৭ টাকা। অপরদিকে পাট্টা ইউনিয়নের আঁধারকোটা খালের প্রায় ৫ কিলোমিটার পুনঃখনন কাজে ব্যয় হবে ১ কোটি ২ লাখ ২৬ হাজার ৪৪৫ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত এ দুটি প্রকল্পে সাত শতাধিক অদক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, খাল পুনঃখনন কাজ শেষ হলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।