৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

খোকসায় ৮০ বছরের পুরোনো গোরস্থান নিয়ে বিরোধ, সমাধানে প্রশাসন-পুলিশ ও রাজনৈতিক নেতাদের যৌথ উদ্যোগ

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের দুই গ্রামবাসীর মধ্যে একটি ৮০ বছরের পুরোনো গোরস্থানকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ গতমাসে ১০ ই এপ্রিল এক রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। ওই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন এবং এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিরোধের স্থায়ী সমাধানে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ যৌথভাবে উদ্যোগ গ্রহণ করেন। এরই অংশ হিসেবে আজ ৪ মে খোকসা উপজেলা পরিষদ হলরুমে দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত কয়েক ধাপে দীর্ঘ ৮ ঘন্টার একটি মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সাতপাখিয়া গ্রামের প্রতিনিধিরা দাবি করেন, বিরোধপূর্ণ গোরস্থানের ২ একর ৩৩ শতাংশ জমি পূর্ব থেকেই তাদের মালিকানাধীন। পরবর্তীতে তারা আরও ৬১ শতাংশ জমি ক্রয় করেন। তাদের দাবি অনুযায়ী, সম্পূর্ণ জমির বৈধ মালিকানা সাতপাখিয়া গ্রামবাসীর।

অন্যদিকে বড়ইচারা গ্রামের বাসিন্দারা বলেন, জমির মালিকানার প্রশ্নের পাশাপাশি এই গোরস্থানের সঙ্গে তাদের রয়েছে বহু প্রজন্মের ইতিহাস, সামাজিক সম্পর্ক এবং আবেগের বন্ধন। তাদের পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে সেখানে দাফন হয়ে আসছেন। গোরস্থানটিতে তাদের পরিবারের বহু সদস্যের কবর রয়েছে, যা তাদের কাছে শুধুমাত্র একটি কবরস্থান নয়, বরং ঐতিহ্য ও পারিবারিক স্মৃতির অংশ।
উভয় পক্ষের বক্তব্য, জমির কাগজপত্র এবং স্থানীয় ইতিহাস

পর্যালোচনা শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী বৃহস্পতিবার ৭ মে দুপুর ১২ টায় বিরোধপূর্ণ গোরস্থান এলাকায় খোকসা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দুই গ্রামের সাধারণ মানুষের উপস্থিতিতে পুনরায় আলোচনা অনুষ্ঠিত হবে।

ওই বৈঠকেই একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশা করা হচ্ছে। স্থানীয় দুই গ্রামবাসীর প্রত্যাশা, প্রশাসনের নিরপেক্ষ মধ্যস্থতায় দীর্ঘদিনের এই বিরোধের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান হবে এবং দুই গ্রামের মধ্যে সম্প্রীতির পরিবেশ ফিরে আসবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top