সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, পাইলট ট্রেনিং সেন্টার ও আধুনিক কার্গো ফ্যাসিলিটি স্থাপনের সম্ভাবনা যাচাই ও কার্যক্রম এগিয়ে নিতে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা বগুড়া-কে একটি আধুনিক এভিয়েশন ও বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত প্রকল্পের আওতায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, পাইলট প্রশিক্ষণ কেন্দ্র এবং আধুনিক কার্গো সুবিধা স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে যাত্রী পরিবহনের পাশাপাশি কৃষিপণ্য ও শিল্পপণ্য রপ্তানিতে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একই সঙ্গে পাইলট প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক অর্থনীতির সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে প্রতিনিধি দলটি বগুড়ায় সম্ভাব্য স্থান পরিদর্শন, কারিগরি সক্ষমতা যাচাই এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।