নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বেশিরভাগ সবজিই এখন ৮০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। পাশাপাশি সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম। এতে মধ্য ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি আরও বেড়েছে।
শুক্রবার (৮ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বর্তমানে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৮০ টাকায়, কাঁকরোল ১২০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, দেশি শসা ১২০ টাকা এবং হাইব্রিড শসা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া করলা, ঝিঙা ও চিচিঙ্গা প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে ধুন্দল প্রতি কেজি ১০০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা এবং কাঁচামরিচ প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁপে প্রতি কেজি ৮০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর খিলক্ষেত এলাকায় বাজার করতে আসা এক ক্রেতা জগন্নাথ বলেন, বাজারে এখন ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। কিছুদিন আগেও যেসব পণ্যের দাম কম ছিল, সেগুলোর দামও এখন বেড়ে গেছে। এত বেশি দামে সাধারণ মানুষের জন্য সবজি কেনা কঠিন হয়ে পড়েছে।
সবজি বিক্রেতাদের দাবি, গ্রামাঞ্চল থেকে সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে বাজারে দামের চাপ তৈরি হয়েছে।
সবজির পাশাপাশি ডিমের বাজারেও অস্থিরতা দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায় এবং সাদা ডিম ১৩০ টাকায়। বিক্রেতাদের মতে, সরবরাহ সংকটের কারণেই দাম বেড়েছে।
মুরগির বাজারে সোনালি মুরগির দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও অন্য জাতের মুরগির দাম বেড়েছে। বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা, দেশি মুরগি ৭৮০ টাকা, সোনালি মুরগি ৩৫০ টাকা এবং লেয়ার মুরগি ৩৭০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে গরু ও খাসির মাংসের বাজারে স্থিতিশীলতা রয়েছে। গরুর মাংস প্রতি কেজি ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে অন্যান্য নিত্যপণ্যের দামও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে চিনি কেজিতে ৫ টাকা বেড়ে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। খোলা আটা ও ময়দার দামও বেড়েছে ৫ থেকে ১০ টাকা। বর্তমানে খোলা আটা প্রতি কেজি ৫৫ টাকা এবং ময়দা ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া এলাচের দাম কেজিতে প্রায় ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে প্রতি কেজি এলাচ ৪ হাজার ৮০০ থেকে ৫ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকার মধ্যে।