মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। ‘ইউনাইটেড ইন হিউম্যানিটি’ প্রতিপাদ্য কে সামনে রেখে দিবসটি পালন উপলক্ষে রেডক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট নানা কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (০৭ মে) সকাল সাড়ে ৯ টায় রেডক্রিসেন্ট জেলা অফিসের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন, জেলা অফিস প্রাঙ্গণে মানববন্ধন, রেড ক্রিসেন্ট দিবস তাৎপর্য তুলে ধরে বিভিন্ন, ফেস্টুন, ব্যানার, প্ল্যাকার্ড, নানা রঙের ড্রেসে সজ্জিত হয়ে সদস্যরা সমাবেশে একত্রিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেডক্রিসেন্টের সভাপতি মোঃ আব্দুস সালাম মিয়া। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা রেডক্রিসেন্টের সহ-সভাপতি এবিএম মনজুরুল আলম দুলাল, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, রেড ক্রিসেন্টের সদস্য আব্দুর রাজ্জাক মিয়া, আঞ্জুমান আরা, মেহেদী হাসান রনি, কাজী আরাফাত হোসেন জিসান প্রমুখ।
প্রধান অতিথি আব্দুস সালাম মিয়া বলেন, রেড ক্রিসেন্ট মানবতার শক্তিকে একত্রিত করে একটি মানবিক সংস্থা হিসেবে তার অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মানবিক চ্যালেঞ্জকে মোকাবেলার পাশাপাশি দেশব্যাপী দুর্যোগ, কমিউনিটি রেজিলিয়েন্স বৃদ্ধি করে চলেছে। দুর্যোগ কার্যক্রমে সারা দিয়ে শরণার্থী সহায়তা, পপুলেশন মুভমেন্ট অপারেশন সহ নানাবিধ কার্যক্রম অব্যাহত রেখে চলেছে।