নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে জেলা পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেলে নীলফামারী জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার শতাধিক কিশোর-কিশোরী অংশগ্রহণ করে প্রাণবন্ত ক্রীড়া পরিবেশের সৃষ্টি করে।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নায়িরুজ্জামান। সভাপতিত্ব করেন জ্যোতি বিকাশ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিজানুর রহমান চৌধুরী শামীম, মোস্তফা হক প্রধান বাচ্চু এবং আবু মোহাম্মদ সোয়েম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম।

প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার, ব্যাডমিন্টন ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্টে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে ঘিরে জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কাবাডি বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় নীলফামারী সদর উপজেলা এবং বালিকা বিভাগে নীলফামারী পৌরসভা। ক্রিকেট বালক বিভাগে শিরোপা জয় করে সৈয়দপুর উপজেলা এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় নীলফামারী পৌরসভা। ফুটবল বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় কিশোরগঞ্জ উপজেলা এবং বালিকা বিভাগে শিরোপা অর্জন করে নীলফামারী সদর উপজেলা। দাবা বালক বিভাগে চ্যাম্পিয়ন হন নীলফামারী পৌরসভার আবিদ আরাফাত এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হন ফাতিহা ইসলাম সুবহা।

বিজয়ীদের হাতে মেডেল, ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। এ সময় খেলোয়াড়, অভিভাবক, ক্রীড়া সংগঠক ও দর্শকদের উপস্থিতিতে স্টেডিয়াম প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো উদ্যোগ তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নীলফামারীর খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জেলার সুনাম বয়ে আনবে বলে আমরা আশাবাদী।”

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, “ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস গঠনের অন্যতম ক্ষেত্র। সরকারের এই উদ্যোগ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি করতে সহায়ক হবে।”

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, জেলা পর্যায়ে বিজয়ী খেলোয়াড়রা আগামীতে রংপুরে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেখানে সফল হলে তারা জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবে।

উল্লেখ্য, “ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২ মে দেশব্যাপী একযোগে শুরু হয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কার্যক্রম। তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশে এই উদ্যোগ ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top