মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
সাধারণ মানুষের পাঠাভ্যাস গড়ে তোলা ও জ্ঞান অন্বেষণের জন্য নিয়োজিত রাজবাড়ী পাবলিক লাইব্রেরী কর্তৃপক্ষের খামখেয়ালীপনা ও উদাসীনতার কারণে দীর্ঘ ৬ বছরেরও বেশী সময় একজন পত্রিকা (সংবাদপত্র) ব্যবসায়ীর মোটা অংকের বকেয়া বিল পাওনা রয়েছে। এ নিয়ে ভুক্তভোগী পত্রিকা সরবরাহকারীর ব্যবসা বন্ধ হবার উপক্রম। এ বিষয়ে জেলা প্রশাসক সহ বিভিন্ন দফতরে আবেদন করেও আজ পর্যন্ত কোন সুফল পাওয়া যায়নি।
জানা গেছে, রাজবাড়ী শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত রাজবাড়ী পাবলিক লাইব্রেরীতে সুদীর্ঘকাল থেকেই জাতীয় দৈনিক পত্রিকা সহ বিভিন্ন সাময়িকী সরবরাহ করে আসছে প্রবীণ সংবাদপত্র ব্যবসায়ী আব্দুল কুদ্দুস শেখ।
ওই ব্যবসায়ীর অভিযোগ, ২০১৯ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত সরবরাহকৃত সংবাদপত্রের কোন বিল কর্তৃপক্ষ অদ্যাবধি পরিশোধ করেননি। উল্লেখিত সময়ে পাবলিক লাইব্রেরীর কাছে ওই ব্যবসায়ীর পাওনা ১ লক্ষ ৪১ হাজার ৩২০ টাকা।
তিনি জানান, এ বিষয়ে বহুবার মৌখিকভাবে আবেদন নিবেদন করে কোন কাজ হয়নি। পরবর্তীতে ২০২৫ সালের ১৮ আগস্ট পাবলিক লাইব্রেরী ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক বরাবর লিখিতভাবে আবেদন করা হলেও এখন পর্যন্ত পাওনা পরিশোধের কোন উদ্যোগ পরিলক্ষিত হয়নি। এ দিকে মোটা অংকের টাকা বকেয়া থাকায় ব্যবসায়ী আব্দুল কুদ্দুসের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে।
রাজবাড়ী পাবলিক লাইব্রেরী ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নেহাল আহমেদ জানান, গত শুক্রবার নবাগত জেলা প্রশাসক পাবলিক পরিদর্শন ও ব্যবস্থাপনা কমিটির বৈঠক করেন। ওই বৈঠকে সংবাদপত্র ব্যবসায়ীর বকেয়া পাওনার বিষয়ে আলোচনা করা হলেও তহবিল সংকুলান না হওয়ায় পরিশোধ করা সম্ভবপর নয় বলে জানান হয়।
জানা গেছে, বর্তমানে রাজবাড়ী পাবলিক লাইব্রেরীতে ছুটির দিন ব্যাতীত প্রতিদিন ২ টি জাতীয় দৈনিক পত্রিকা সরবরাহ করা হচ্ছে। এখানে বাণিজ্যিকভাবে একটি কফি হাউজ স্থাপন করা হয়েছে। কিন্তু পাঠকদের সুবিধার্থে নতুন বই ও সংবাপত্র সরবরাহ তুলনামূলকভাবে কমিয়ে আনা হয়েছে। স্থানীয়দের দাবী ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানকে যুগোপযোগী করতে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।