১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সৈয়দপুর বিসিক শিল্পনগরী পরিদর্শনে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

দেশের বেকারত্ব নিরসন ও শিল্পখাতকে আরও গতিশীল করতে আগামী পাঁচ বছরের মধ্যে ২ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির। তিনি বলেন, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পই দেশের অর্থনীতির মূল ভিত্তি। এ খাতের উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক বৈষম্য কমাতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

শনিবার (৯ মে) সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, “কৃষি জমি রক্ষা করেই শিল্পায়নের পথ এগিয়ে নিতে হবে। উত্তরাঞ্চলে বিশেষ করে সৈয়দপুর ও আশপাশের এলাকায় কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন শিল্পকারখানা গড়ে তোলা হলে কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনি দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।”

তিনি আরও বলেন, “উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ এবং বাজার সম্প্রসারণে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো পুনরায় চালুর বিষয়েও সরকার কাজ করছে। সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি ও তরুণ সমাজকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করা।”

পরিদর্শনকালে শিল্পমন্ত্রী বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানা ঘুরে দেখেন এবং শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উদ্যোক্তারা শিল্পনগরীর অবকাঠামোগত উন্নয়ন, গ্যাস ও বিদ্যুৎ সুবিধা বৃদ্ধি, সহজ ঋণপ্রাপ্তি এবং পণ্যের বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বৃদ্ধির দাবি জানান।

সৈয়দপুর বিসিক শিল্পনগরী পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন, বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মো. নুরেল হকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top