১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

মাদকবিরোধী সচেতনতায় চাঁপাইনবাবগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

“মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন” স্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

রবিবার (১০ মে) বিকাল ৩টায় বাংলাদেশ শিশু একাডেমী, চাঁপাইনবাবগঞ্জ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ। আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ শিশু একাডেমী, চাঁপাইনবাবগঞ্জ।

প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ চারটি গ্রুপে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের চিত্রকর্মে মাদকের ভয়াবহতা, সুস্থ সমাজ গঠন, পারিবারিক মূল্যবোধ, শিক্ষার গুরুত্ব এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় তুলে ধরে। অনেক শিক্ষার্থী “মাদককে না বলুন” ও

“Say No To Drugs” শীর্ষক বার্তাসংবলিত পোস্টার ও চিত্র উপস্থাপন করে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ-এর উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান, বাংলাদেশ শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ। শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই মাদকবিরোধী সচেতনতার মধ্যে গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা সম্ভব হবে।

তারা আরও বলেন, শিশুদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের সুস্থ মানসিক বিকাশ নিশ্চিত করা যায়। পাশাপাশি এ ধরনের আয়োজন শিশুদের মানবিক, নৈতিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার ও সচেতনতামূলক সামগ্রী বিতরণ করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top