সজীব হাসান, ( বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সান্তাহারে উঁচু রেলগেটে উঠতে না পেরে পিছন দিকে গড়িয়ে আসা সারবোঝাই একটি ট্রাকের চাকায় পি*ষ্ট হয়ে ঘটনাস্থলেই আলমগীর কবির (৪৫) নামের এক এনজিও ম্যানেজার মা*রা গেছেন। নি*হ*ত আলমগীর রাজশাহীর দুর্গাপুর উপজেলার ইসবপুর গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের কলাবাগান এলাকায় বড় আখিড়া নামের রেলগেটে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর ট্রাক চালক আবু হাসানকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সান্তাহার কেডিসি বাফার গুদাম থেকে সার বোঝাই করে (জয়পুরহাট-ড ১১-০০৬১) নম্বরের একটি ট্রাক জামালগঞ্জ যাচ্ছিল। ট্রাকটি রবিবার বেলা সাড়ে ১২টার দিকে সান্তাহার পৌর শহরের কলাবাগান এলাকায় বড় আখিড়া নামের একটি উঁচু রেলগেটে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিকে গড়িয় আসছিল। এসময় বেশ কয়েক গজ পিছনে মটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন বুরো বাংলাদেশ এনজিও‘র সান্তাহার শাখার ম্যানেজার আলমগীর কবির ও এরিয়া ম্যানেজার নূরন্নবী ইসলাম।

মুহূর্তেই পিছন দিকে গড়িয়ে আসা সারবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আলমগীর কবির। প্রত্যক্ষদর্শী এরিয়া ম্যানেজার নূরন্নবী ইসলাম জানান, ম্যানেজার আলমগীরের মটরসাইকেলের পিছনের সীটে বসে তিনি বড় আখিড়া গ্রামে মৃত সদস্যদের তথ্য ও লোন বিতরণের তথ্য যাচাই করার জন্য যাচ্ছিলেন। এসময় ট্রাকটি রেলগেটে উঠতে না পেরে পিছনে ব্যাক করছিল। তা দেখে ম্যানেজার তাকে মটরসাইকেল থেকে নেমে দেন। এরপর মটরসাইকেল নিয়ে তিনি নিজেও সরে আসার সময় ট্রাকটি গড়িয়ে এসে তার গায়ে উঠে পড়ে।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ এবং চালক আবু হাসানকে আটক করা হয়েছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।