১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়ার খোকসায় কয়েক ঘণ্টার ব্যবধানে গরু চুরি ও পেঁয়াজভর্তি ভ্যান ছিনতাই, আতঙ্কে জনপদ

মোঃ নুর আলম পাপ্পুঃ খোকসা কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে সংঘটিত গরু চুরি ও পেঁয়াজভর্তি ভ্যান ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই রাতে পৃথক দুটি ঘটনায় কৃষক ও ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, দিন দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে, স্থানীয় সূত্রে জানা যায়, খোকসা উপজেলার শোমসপুর নিশ্চিন্তবাড়িয়া গ্রামের কৃষক মোজাফফর শেখের গোয়ালঘর থেকে কোরবানির একটি গরুসহ মোট দুটি গরু চুরি হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটের দিকে সংঘবদ্ধ চোরচক্র এ ঘটনা ঘটায়। ধারণা করা হচ্ছে, চোরেরা একটি পিকআপ ভ্যান ব্যবহার করে গরুগুলো নিয়ে যায়। সকালে গোয়ালঘর ফাঁকা দেখে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এর মাত্র কয়েক ঘণ্টা পর একই উপজেলার শিমুলিয়া গ্রামের নকশাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটে আরও একটি চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা। জানা গেছে, খোকসা উপজেলার সন্তোষপুর গ্রামের মোঃ কাইয়ুম সরদার (৪৫) রবিবার ভোর আনুমানিক ৪টার দিকে নিজের ১৫ মণ পেঁয়াজ পাখি ভ্যানে করে রাজবাড়ীর পাংশা উপজেলার সোনাপুর বাজারে নিয়ে যাচ্ছিলেন। ভ্যানটি চালাচ্ছিলেন শুধুন্ডু গ্রামের মো. ফারুক হোসেন (৩৫)।
পথিমধ্যে নকশাপাড়া ব্রিজের পাশের ফাঁকা মাঠ এলাকায় পৌঁছালে মুখোশধারী ৫-৬ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে কাইয়ুম সরদার ও ফারুক হোসেনের হাত-পা ও মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে রাখা হয়। পরে দুর্বৃত্তরা ১৫ মণ পেঁয়াজসহ পাখি ভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। তবে ভুক্তভোগীদের শারীরিকভাবে আঘাত করা হয়নি বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী বলছেন, একের পর এক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে খোকসা থানার পুলিশ জানিয়েছে, ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top