১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

লিচুর লাল আভায় মুখর গুরুদাসপুর, দেশের বাজারে ছুটছে গুরুদাসপুরের লিচু

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

বৈশাখের দাবদাহ উপেক্ষা করে নাটোরের গুরুদাসপুরে এখন উৎসবের আমেজ। উপজেলার বাগানজুড়ে পেকেছে টসটসে মোজাফ্ফর লিচু। ভোরের আলো ফুটতেই কৃষকেরা ঝুড়িভর্তি লিচু নিয়ে ছুটছেন আড়তে। সারাদিন পাইকারদের হাঁকডাক আর দরদামে মুখর থাকে বাজার। প্রতিদিন কোটি টাকার লিচু কেনাবেচায় প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় বাগান মালিক ও ব্যাবসায়ী ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ বছর গুরুদাসপুরে ৪১০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এর বড় অংশজুড়ে রয়েছে আগাম জাতের মোজাফ্ফর লিচু। উৎপাদিত লিচুর সম্ভাব্য বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ৫০ কোটি। উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়-গঙ্গারামপুর কানু মোল্লার বটতলা এলাকায় গড়ে উঠেছে অন্তত ১৫টি অস্থায়ী আড়ত। দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারেরা এসব আড়ত থেকে লিচু কিনে ট্রাকে করে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন মোকামে পাঠাচ্ছেন। বর্তমানে প্রতিদিন গড়ে ১৫ ট্রাক লিচু দেশের বিভিন্ন বাজারে যাচ্ছে।

আড়ত মালিক সমিতির সভাপতি মো. মোতালেব মেম্বর বলেন, ‘গুরুদাসপুরের বাগান ও আড়ত মিলিয়ে প্রতিদিন কোটি টাকার বেশি লিচু বেচাকেনা হচ্ছে। এই মৌসুমি ব্যবসাকে কেন্দ্র করে প্রায় সাত হাজার মানুষের অস্থায়ী কর্মসংস্থান হয়। লিচু চাষিরা জানান, অতিরিক্ত গরম ও অনাবৃষ্টির কারণে কিছু লিচু ঝরে পড়েছে। তবে বাজারে ভালো দাম পাওয়ায় ক্ষতি অনেকটাই সামলে নেওয়া যাচ্ছে। বর্তমানে মানভেদে প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ৪০০ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, ‘গুরুদাসপুরের লিচুর সুনাম দেশের গণ্ডি ছাড়িয়ে গেছে। কৃষক ও ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে বেচাকেনা করতে পারেন, সে জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। দিন শেষে সন্ধ্যা নামলেও থামে না লিচুর বাজারের ব্যস্ততা। ট্রাকের হেডলাইট, শ্রমিকদের ব্যস্ততা আর আড়তের কোলাহল জানান দেয়—মোজাফ্ফর লিচুই এখন গুরুদাসপুরের মৌসুমি অর্থনীতির প্রাণ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top