মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাইপাস মোড়ের চলমান রাস্তা সংস্কার ও উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন নীলফামারী-২ আসনের মাননীয় সংসদ সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল। সোমবার (১১ মে) সকালে তারা সরেজমিনে গিয়ে উন্নয়ন কাজের অগ্রগতি, নির্মাণমান এবং জনদুর্ভোগ নিরসনে গৃহীত পদক্ষেপ পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি নির্মাণকাজে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন। তারা বলেন, নীলফামারী শহরের এই বাইপাস মোড়টি জেলার অন্যতম ব্যস্ত সড়ক সংযোগস্থল হওয়ায় প্রতিদিন হাজার হাজার যানবাহন ও সাধারণ মানুষ এই পথে চলাচল করে। ফলে রাস্তার টেকসই উন্নয়ন ও দ্রুত সংস্কার অত্যন্ত জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর মাওলানা ক্বারী আব্দুল আজিজ। তিনি বলেন, “জনসাধারণের নিরাপদ ও স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করতে রাস্তার গুণগত মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার এবং স্থানীয় সংসদ সদস্য এলাকার অবকাঠামোগত উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, উন্নয়নমূলক প্রতিটি কাজের ওপর প্রশাসনের কঠোর তদারকি ও সাধারণ মানুষের নজরদারি অব্যাহত থাকবে, যাতে সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত হয় এবং জনগণ টেকসই উন্নয়নের সুফল পায়।
পরিদর্শনকালে ইটাখোলা ও টুপামারী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন। স্থানীয় নেতারা দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে গুরুত্বপূর্ণ এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়ায় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাইপাস মোড়ের সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দ ও যানজটের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ চরম আকার ধারণ করত। সংস্কার কাজ সম্পন্ন হলে শহরের যান চলাচল আরও স্বাভাবিক হবে এবং ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তারা।
পরিদর্শন শেষে প্রতিনিধি দল আশাবাদ ব্যক্ত করে জানান, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে এবং নীলফামারীবাসী একটি টেকসই ও আধুনিক সড়ক ব্যবস্থার সুবিধা ভোগ করতে পারবেন।