মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
রবিবার (১০ মে ২০২৫) রাত সাড়ে ৯টার সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা এর দুর্লভপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ফুলদিয়াড়ি এলাকার মোঃ গাজলু মন্ডলের ছেলে মোঃ শফিকুল ইসলামের বসতবাড়িতে বিদ্যুতের তার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্রসহ ২টি গরু পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ ইলেকট্রিক তার থেকে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত ৩টি ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের ২টি গরুসহ আসবাবপত্র, টিভি, ফ্রিজ, সেলাই মেশিন, প্রায় ২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩৫ হাজার টাকা পুড়ে যায়। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পর দ্রুত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত শফিকুল ইসলামকে সহায়তা প্রদান করা হয়েছে। সহায়তার মধ্যে রয়েছে ঢেউ টিন, শুকনো খাবার এবং নগদ অর্থ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম বলেন, “শফিকুল ইসলামের বাড়িতে গত রাতে ইলেকট্রিক তার থেকে আগুন লেগে বাড়ির আসবাবপত্রসহ ২টি গরু পুড়ে যায়। এ অবস্থায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শফিকুল ইসলামকে২ বান্ডিল ঢেউ টিন, শুকনা খাবার ও নগদ ৬ হাজার টাকা অর্থ প্রদান করা হয়েছে।” তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় আরও সহায়তা দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এবং দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাঃ গোলাম আজম। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।