মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুর আবাসন এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে ইন্দুরদী এলাকাবাসীর আয়োজনে বালিয়াকান্দি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ইন্দুরদী আবাসন এলাকায় দীর্ঘদিন ধরে নজরুল মন্ডল ও তার সহযোগীরা প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়াও এলাকায় নিয়মিত মাদক সেবনের ঘটনাও ঘটছে। এর ফলে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।
বক্তারা বলেন, মাদকের কারণে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। দ্রুত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।
মানববন্ধনে উপস্থিত স্থানীয় বাসিন্দারা অবিলম্বে অভিযুক্ত মাদক ব্যবসায়ী নজরুল মন্ডল ও তার সহযোগীদের গ্রেফতার এবং ইন্দুরদী এলাকা থেকে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি মাদকবিরোধী স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।