১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

দুর্নীতির অভিযোগে মধ্যনগরে ইউপি চেয়ারম্যান অপসারণ

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও ভিজিডি কার্ড বিতরণে অনিয়ম, অসৌজন্যমূলক আচরণ, সরকারি আসবাবপত্র ভাঙচুর এবং নারীঘটিত শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সুনামগঞ্জের মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. আব্দুছ ছাত্তারের পদ শূন্য ঘোষণা করেছে সরকার।

স্থানীয় সরকার বিভাগ থেকে ১২ মে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষর করেন। আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মধ্যনগর ইউনিয়ন পরিষদের সদস্যরা প্যানেল চেয়ারম্যান মো. আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন। এতে তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয় এবং তদন্তে অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়।

অভিযোগে উল্লেখ করা হয়, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন বিভিন্ন ভাতা ও ভিজিডি কার্ড নির্বাচন এবং বিতরণে সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচিত সদস্যদের মতামত ছাড়াই তিনি একক সিদ্ধান্তে কার্যক্রম পরিচালনা করতেন। এছাড়া নলকূপ বরাদ্দের ক্ষেত্রেও অনৈতিকভাবে অর্থ গ্রহণের অভিযোগ ওঠে। স্থানীয় জনগণও এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

আরও বলা হয়, প্যানেল চেয়ারম্যান হিসেবে তিনি ইউনিয়নের সাধারণ নাগরিকদের সঙ্গে অসৌজন্যমূলক ও উদ্ধত আচরণ করতেন। অভিযোগকারী ইউপি সদস্যরা তদন্ত চলাকালে জানান, তিনি কোনো কারণ ছাড়াই ইউনিয়ন পরিষদের সরকারি আসবাবপত্র ভাঙচুর ও বিনষ্ট করেছেন। এ বিষয়ে প্রমাণ হিসেবে স্থিরচিত্রও উপস্থাপন করা হয়।

প্রজ্ঞাপনে তার বিরুদ্ধে নারীঘটিত শ্লীলতাহানির মতো গুরুতর অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগের কথাও উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওর সত্যতাও তদন্তে প্রমাণিত হয়েছে বলে জানানো হয়। এ ঘটনায় ইউনিয়নের সাধারণ জনগণের নিরাপত্তা নিয়ে ইউপি সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৯(৩) ধারা অনুযায়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে তদন্তকারী কর্মকর্তা ও পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার উপস্থিতিতে অনুষ্ঠিত বিশেষ সভায় উন্মুক্ত আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়।

পরে জেলা প্রশাসক, সুনামগঞ্জের পাঠানো অনাস্থা প্রস্তাব সরকার স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৯(১৩) ধারা অনুযায়ী অনুমোদন দেয়। একই আইনের ৩৫(১)(চ) ধারা অনুযায়ী মো. আব্দুছ ছাত্তারের পদ শূন্য ঘোষণা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুছ ছাত্তারে বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল, সেগুলোর বিষয় উল্লেখ করে সাময়িক বরখাস্তের চিঠি এসেছে শুনেছি, কিন্তু এখন ও আমার কোন হাতে চিঠি আসে নাই ।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত সঞ্জয় ঘোষ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।এসময় তিনি বলেন, বরখাস্তের প্রজ্ঞাপন পেয়েছি। আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top