মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ ও ফরিদপুর জেলা সদরের সীমান্তবর্তী এলাকায় মাটিচাপা দেওয়া অবস্থায় নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় সনাক্ত হয়নি।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টার দিকে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদীয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আনসার মাতব্বরের ডাঙ্গী এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বগেরটিলা গ্রামের সীমান্তবর্তী এখলাস মাতুব্বরের কলাবাগান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, কলাবাগানের মালিক এখলাস কলাবাগান পরিচর্যা করতে গেলে মাটির উপরে মৃতদেহের পা বের হয়ে থাকা অবস্থায় দেখতে পান। পরে তিনি ফরিদপুর কোতয়ালী থানা-পুলিশকে অবহিত করেন। পুলিশ সীমান্ত জটিলতায় গোয়ালন্দ ঘাট থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিতে পুতে রাখা অবস্থায় মরদেহ দুটি উত্তোলন করেন। এ সময় ঘটনাস্থলে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশও উপস্থিত ছিল। বর্তমানে মৃতদেহ দুটি কোন থানায় হস্তান্তর করা হবে সে বিষয়ে আইনগত পদক্ষেপ চলমান।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহিদুল ইসলাম বলেন, মরদেহ দুইটি যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেটা ফরিদপুর জেলার সীমানার মধ্যে পড়েছে। তারপরও আমরা অধিকতর যাচাইয়ের জন্য বিষয়টি নিয়ে কাজ করছি। ফরিদপুর থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে তাদের কার্যক্রম শুরু করেছে। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।