রুবেল ফরাজী, নিজস্ব প্রতিবেদকঃ
মাদারীপুরের শিবচর উপজেলায় একটি কুকুরের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন শিশু গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
বুধবার (১৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উৎরাইল ২ নম্বর ওয়ার্ডের মধ্যের বাজার এলাকায় একটি কুকুর হঠাৎ করে পথচারী নারী, পুরুষ ও শিশুদের ওপর আক্রমণ শুরু করে। এতে কেরামত আলী বেপারীর মেয়ে মরিয়ম আক্তার (৫), ওবাদুর বেপারীর ছেলে আয়ান (২), মো. বাদলের ছেলে মুরসালিন (৫), রুবেল বেপারীর মেয়ে রুবিনা (৫)সহ অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে কয়েকজনের মুখ ও শরীরের বিভিন্ন স্থানের মাংস ছিঁড়ে যায়। গুরুতর আহত তিন শিশুকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় বাসিন্দা লিয়াকত বেপারী জানান, এলাকায় দীর্ঘদিন ধরে কুকুরের উপদ্রব রয়েছে। বিশেষ করে উৎরাইল নয়াবাজার, কৃষি ব্যাংক মোড় ও মধ্যের বাজার এলাকায় ১০-১২টি কুকুরের দল ঘোরাফেরা করে। এতে শিশুদের স্কুল, মসজিদ ও কোচিংয়ে যেতে ভয় লাগে।
তিনি বলেন, “আমার ভাতিজির মুখের মাংস তুলে নিয়েছে কুকুরে। অল্প সময়ের মধ্যেই কয়েকজনকে কামড় দেয়। প্রথমে শিবচর হাসপাতালে নেওয়া হলেও সেখানে প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকায় আমরা আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে আসি।”
ঘটনার পর স্থানীয়ভাবে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে। শিশুদের একা বাইরে না পাঠানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে কিনা তা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকাবাসী দ্রুত কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।