মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী সদর উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক সেমিনার ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে ছাত্রবন্ধন সোসাইটির আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারী (ডিএনসি)-এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ এ.কে.এম. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ নীলফামারীর প্রশাসক অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান। প্রধান আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আনিছুর রহমান খাঁন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা চৌধুরী এবং ছাত্রবন্ধন সোসাইটির উপদেষ্টা অ্যাডভোকেট গোলাম রব্বানী। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রবন্ধন সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রবন্ধন সোসাইটির সভাপতি মোঃ আপন ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোঃ রিহাদ ইসলাম।
সেমিনারে বক্তারা বলেন, মাদকাসক্তি সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
পরে উপস্থিত সবাই মাদকবিরোধী শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিলনায়তন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তরুণ সমাজকে সচেতন করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।