নীলফামারীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা

মোঃ সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

জনসাধারণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও সহজলভ্য করতে নীলফামারীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি সেবা মেলা-২০২৬’। এ উপলক্ষে রবিবার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম।

ব্রিফিংয়ে জানানো হয়, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৯ মে থেকে শুরু হবে এই আয়োজন। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অনলাইনে নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান, লিজমানি জমা, ই-পর্চা সংগ্রহসহ নানা ধরনের ডিজিটাল ভূমিসেবা প্রদান করা হবে।

এছাড়াও ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে গণশুনানি, সেবা বিষয়ক সেমিনার, সচেতনতামূলক আলোচনা সভা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই দ্রুত ও সহজে সেবা পান, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ সেবা বুথ স্থাপন করা হবে বলেও জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম বলেন, ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ভূমিসেবাকে সহজলভ্য ও স্বচ্ছ করা, সরকারি রাজস্ব আদায় বৃদ্ধি এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তি নিশ্চিত করা। তিনি জানান, আগামী মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভূমি সেবা সপ্তাহ ও মেলার উদ্বোধন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল ও জনবান্ধব করতে নানা যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। অনলাইনভিত্তিক ভূমিসেবা চালুর ফলে সাধারণ মানুষ এখন ঘরে বসেই অনেক সেবা পাচ্ছেন। তিনি বলেন, ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে জনগণের আস্থা অর্জন করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

তিনি আরও বলেন, ভূমি অফিসগুলোকে দুর্নীতিমুক্ত, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে সরকার নিরলসভাবে কাজ করছে এবং এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি সেবা গ্রহণের সুযোগ পাবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top