১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেলা পুলিশের আয়োজনে জেলার নবাগত পুলিশ সুপার মো: ফরহাদ হোসেন খাঁনের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) সকাল ১১টায় জেলা পুলিশ কার্যালয়ে “শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, সীমান্ত নিরাপত্তা, সাইবার অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

সভায় বক্তব্য দিতে গিয়ে নবাগত পুলিশ সুপার মো: ফরহাদ হোসেন খাঁন বলেন,
“সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সমাজ থেকে অপরাধ দূর করতে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় থাকা অত্যন্ত জরুরি।”

তিনি বলেন, নীলফামারীর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নত করতে সাংবাদিকদের তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে জনগণের জন্য পুলিশি সেবাকে আরও সহজ ও মানবিক করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

পুলিশ সুপার আরও বলেন, “পুলিশের দরজা সাধারণ মানুষের জন্য সবসময় খোলা থাকবে। আমরা নীলফামারীকে একটি নিরাপদ, শান্তিময় ও আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে চাই। প্রায় ২১ লাখ মানুষের শান্তির মঞ্জিল হিসেবে নীলফামারীকে প্রতিষ্ঠা করতে কাজ করবো।”

অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “কেউ দলীয় পরিচয়ে অপরাধ করলে তাকেও ছাড় দেওয়া হবে না। আইনের শাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পুলিশ প্রস্তুত। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”

মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “সাংবাদিকদের চোখে আমরা পৃথিবী দেখি। তাই পুলিশ-পাবলিক-প্রেস—এই তিনটির সমন্বয় সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। বিশেষ করে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধ, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

এসময় শহর ও গ্রামীণ এলাকায় নিয়মিত টহল কার্যক্রম বৃদ্ধি, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা এবং প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের শীর্ষস্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবিএম ফয়জুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভা শেষে নবাগত পুলিশ সুপার জেলার সকল গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনে নীলফামারীর উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top