১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নীলফামারীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাবিয়া আক্তার (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে সদর উপজেলার নীলফামারী-দেবীগঞ্জ সড়কের বটতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মাবিয়া আক্তার সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙা বাগানবাড়ি এলাকার আনিসুর রহমানের স্ত্রী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারী থেকে পঞ্চগড়গামী ‘আশিকি পরিবহন’-এর (ঢাকা মেট্রো-জ ০৪-০২২৭) একটি যাত্রীবাহী বাস হালির বাজার বটতলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কে উল্টে যায়। এতে অটোরিকশার যাত্রী মাবিয়া আক্তার গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক মাবিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে স্থানীয়রা বাসটি আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নীলফামারী-দেবীগঞ্জ সড়কে বেপরোয়া যান চলাচল ও অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

নীলফামারী সদর থানার (ওসি) জিল্লুর রহমান জানায়, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক বাসচালককে শনাক্তে কাজ চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top