মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার খোকসায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে পিকআপ ভ্যান, পাখি ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া রেফার্ড করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
রোববার (১৭ মে ২০২৬) বিকেল আনুমানিক ৩ টা ৫০ মিনিটে খোকসা মক্কা মদিনা ফিলিং ষ্টেশন এর সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, যশোর থেকে খোকসা খাদ্য গুদামে চাল নিয়ে আসা একটি পিকআপ ভ্যান খোকসা মক্কা মদিনা ফিলিং স্টেশন এর কাছে পৌঁছালে, সামনে থাকা একটি পাখি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। একই সময় পিছনে থাকা একটি মোটরসাইকেলও দুর্ঘটনার কবলে পড়ে।

এতে পাখি ভ্যানের চালকসহ তিনজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা খলিল হোসেনসহ উপস্থিত লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে, খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান । সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। গুরুতর আহত খোকসা উপজেলার হেলালপুর গ্রামের নাহিদ ও লিখনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় রেফার করা হয়।
অপরদিকে পাখি ভ্যানের চালক মোঃ নজরুল হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় খাদ্য গুদামে চাল বহনকারী পিকআপ ভ্যানটির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
পিকআপ চালক মোঃ নুরুজ্জামান জানান, সামনে থাকা পাখি ভ্যানটি হঠাৎ গতিপথ পরিবর্তন করায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেন। এ সময় পেছনে থাকা মোটরসাইকেলটিও দুর্ঘটনার শিকার হয়। মোটরসাইকেল চালক সামান্য আহত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানা গেছে। খবর পেয়ে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এস আই হালিম ঘটনাস্থল টি পরিদর্শন করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করে। তবে এই রিপোর্ট টি লেখা পর্যন্ত ভুক্তভোগী রা কোন আইনে পদক্ষেপ নিবেন কি না সেটা জানা যায় নাই।
স্থানীয়দের অভিযোগ, কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের এ অংশে যানবাহনের অতিরিক্ত গতি ও অসতর্ক চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।