১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে শুরু হলো ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমিমেলা’

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমিমেলা-২০২৬’। ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সেবা কার্যক্রমকে আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করা এবং ভূমি সংক্রান্ত হয়রানি কমানোর লক্ষ্য নিয়ে এ আয়োজন করেছে জেলা প্রশাসন।

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৯ মে) সকালে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে ভূমি সেবা সপ্তাহ ও ভূমিমেলার উদ্বোধন করা হয়।

জাতীয় পর্যায়ে কর্মসূচির উদ্বোধনের পর জেলা প্রশাসনের আয়োজনে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে জেলা পর্যায়ে ভূমি সেবা সপ্তাহ ও ভূমিমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশিরা আমাতুল্লাহ, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নিয়াজ ভূইয়া, সহকারী কমিশনার তানজীর ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সেবাগ্রহীতারা। এছাড়াও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক বাচ্চু উপস্থিত ছিলেন।

মেলার উদ্বোধনী দিনেই জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত সেবা বুথে অর্পিত সম্পত্তির দুই লিজ গ্রহীতার হাতে তাৎক্ষণিকভাবে লিজ নবায়নের কাগজপত্র তুলে দেওয়া হয়। এসময় সেবাগ্রহীতারা দ্রুত সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে অনলাইনে নামজারি আবেদন ও নিষ্পত্তি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ই-পর্চা সংগ্রহ, লিজমানি পরিশোধ, ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষকে ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করতে গণশুনানি, সেমিনার, আলোচনা সভা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম বলেন, “বর্তমান সরকার ভূমি সেবাকে শতভাগ ডিজিটাল ও জনবান্ধব করতে কাজ করছে। মানুষ যাতে হয়রানি ছাড়াই দ্রুত ভূমি সেবা পেতে পারেন, সে লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।”

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “ভূমি সংক্রান্ত সেবা মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই সেবাকে সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে প্রযুক্তিনির্ভর কার্যক্রম জোরদার করা হচ্ছে। এ মেলার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি বিভিন্ন সেবা সম্পর্কে জানতে ও তা গ্রহণ করতে পারবেন।”

তিনি আরও বলেন, “রাজস্ব আদায় বৃদ্ধি, অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং জনসচেতনতা তৈরির ক্ষেত্রেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আগামী ২২ মে ভূমি সেবা সপ্তাহ ও ভূমিমেলার আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top