মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
প্রযুক্তির ছোঁয়ায় জনভোগান্তি নিরসন এবং শতভাগ স্বয়ংক্রিয় সেবা নিশ্চিতকরণের প্রত্যয়ে নীলফামারীর ডিমলা উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা–২০২৬’। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের যৌথ উদ্যোগে উপজেলা ভূমি অফিস চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মেলার পর্দা ওঠে।
দেশব্যাপী এই ঐতিহাসিক ডিজিটাল কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। উপজেলা হলরুমে ভার্চুয়াল প্ল্যাটফর্মের (জুম) মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
উদ্বোধন শেষে উপজেলা প্রশাসনের হলরুমে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে মঞ্চ অলংকৃত করেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না এবং ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিএনপি’র নীলফামারী জেলা কমিটির উপদেষ্টা অধ্যক্ষ রইসুল আলম চৌধুরী, ডিমলা উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি বকুল কাজী এবং এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল সাত্তার বলেন,”সবার আগে বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ’—এই দীপ্ত প্রত্যয় নিয়ে বর্তমান সরকার গণমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। ইতিমধ্যেই ডিমলার দুটি ইউনিয়নে অনলাইন ভূমি সেবা কেন্দ্র চালু হয়েছে এবং অতি দ্রুত উপজেলার বাকি ইউনিয়নগুলোতেও এই আধুনিক সেবার সুবাতাস পৌঁছে দেওয়া হবে।”
সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে যুগান্তকারী মেলাটি উদ্বোধন করেছেন, তার মূল লক্ষ্য হলো স্বয়ংক্রিয় বা অনলাইন ভূমি সেবা সম্পর্কে জনগণকে সচেতন করা। অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় এই সেবা জনগণের হাতের নাগালে পৌঁছে দিতেই আমাদের এই অদম্য প্রয়াস।”
নাগরিকদের ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল অ্যাপটি ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ইতিমধ্যে ২টিতে ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে, বাকি ৮টিতেও দ্রুত এই কাজ সম্পন্ন হবে।” খাজনা আদায়ের সফলতার কথা উল্লেখ করে তিনি গর্বের সাথে জানান, খাজনা আদায়ের ক্ষেত্রে নীলফামারী জেলার মধ্যে ডিমলা উপজেলা শীর্ষস্থান ধরে রেখেছে। পাশাপাশি অর্পিত সম্পত্তি তদারকির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কেউ অর্পিত সম্পত্তির খাজনা পরিশোধে অবহেলা করলে নোটিশ দেওয়া হবে। এরপরও বকেয়া আদায় না হলে লিজ বাতিল করে তা ভূমিহীন কৃষকদের মাঝে বণ্টন করা হবে, যেন ভূমির সঠিক ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষ জীবিকা নির্বাহ করতে পারে।
উল্লেখ্য, মেলার শুরুতে ডিমলা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে এসে শেষ হয়। মেলায় স্থাপিত বিভিন্ন আকর্ষণীয় স্টল থেকে দর্শনার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি সেবা এবং বিবিধ তথ্য অত্যন্ত সহজ ও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে।