এম,এ,করিম ভুঁইয়া,পরশুরাম প্রতিনিধি:
পরশুরাম প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে সাংবাদিকতায় পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে এক বিশেষ ‘গণমাধ্যম পাঠচক্র’ অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে (শনিবার) পরশুরাম প্রেস ক্লাব কার্যালয়ে পরশুরাম প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে পাঠচক্রের আয়োজন করা হয়।
পাঠচক্রের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সংবাদের গুণগত মান বৃদ্ধি এবং আধুনিক গণমাধ্যমের নানা কলাকৌশল সম্পর্কে ধারণা দেওয়া।
উক্ত আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের পেশাগত নানা দিক ও অভিজ্ঞতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এখন টিভি’র স্টাফ রিপোর্টার সোলায়মান হাজারী ডালিম ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এনটিভি’র জেলা প্রতিনিধি জাহিদুল আলম রাজন।
পাঠচক্রের অতিথিরা বলেন, মফস্বল সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলা করে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা অত্যন্ত জরুরি। সঠিক তথ্যের মাধ্যমে সমাজের উন্নয়নমূলক চিত্র তুলে ধরার পাশাপাশি স্থানীয় জনদুর্ভোগের কথাও নিখুঁতভাবে তুলে ধরতে হবে। এই ধরনের পাঠচক্র সাংবাদিকদের মেধা ও কর্মদক্ষতা আরও বৃদ্ধি করবে।
অনুষ্ঠানে পরশুরাম প্রেস ক্লাবে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকরা এই আয়োজনকে সাধুবাদ জানান এবং আগামীতেও এ ধরনের শিক্ষণীয় কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।