টিআরসি নিয়োগে দালালচক্রের বিরুদ্ধে পুলিশের সতর্কবার্তা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রমকে কেন্দ্র করে দালাল ও প্রতারক চক্রের অপতৎপরতা রোধে কঠোর সতর্কবার্তা দিয়েছে জেলা পুলিশ। নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত রাখতে বিশেষ সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নীলফামারী জেলা পুলিশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে চলমান টিআরসি নিয়োগ কার্যক্রম শতভাগ মেধা, যোগ্যতা, শারীরিক সক্ষমতা ও সরকার নির্ধারিত নীতিমালার আলোকে সম্পন্ন করা হবে। কোনো ধরনের তদবির, আর্থিক লেনদেন বা দালালের মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ নেই বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নিয়োগ মৌসুমকে কেন্দ্র করে একটি অসাধু চক্র চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাতে পারে। এ ধরনের প্রতারণা থেকে চাকরিপ্রত্যাশী ও তাদের পরিবারকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি কোনো ব্যক্তি পুলিশে চাকরি দেওয়ার নামে অর্থ দাবি করে, সুপারিশ বা বিশেষ প্রভাব খাটানোর কথা বলে কিংবা প্রতারণার চেষ্টা চালায়, তাহলে দ্রুত নিকটস্থ থানায় অথবা নীলফামারী জেলা পুলিশকে বিষয়টি জানাতে হবে। এ সংক্রান্ত তথ্য বা অভিযোগ গ্রহণের জন্য জেলা পুলিশের হটলাইন নম্বর ০১৩২০১৩৫৩০০ চালু রাখা হয়েছে।

নীলফামারী জেলা পুলিশ আরও কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেছে, কোনো প্রার্থী, তার অভিভাবক বা স্বজন যদি দালালচক্রের সঙ্গে সম্পৃক্ত হন কিংবা অবৈধ তদবিরের আশ্রয় নেন, তাহলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “যোগ্যতার ভিত্তিতেই হবে নিয়োগ, দুর্নীতি ও তদবিরের কোনো স্থান নেই।” স্বচ্ছ ও সুশৃঙ্খল নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

পুলিশের এই সতর্কবার্তাকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। তারা মনে করছেন, এমন উদ্যোগ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি করবে এবং প্রতারণা চক্রের অপতৎপরতা কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top