মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধি:
আসন্ন ঈদুল আজহায় পশুর চামড়ার গুণগত মান রক্ষা এবং পরিবেশ সুরক্ষায় মাঠপর্যায়ে সচেতনতা বাড়াতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ডিমলা
উপজেলা প্রশাসন। রবিবার (২৪ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ‘কুরবানীর পশু সঠিক পদ্ধতিতে জবাই এবং চামড়া সংরক্ষণ’ শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় মূল আলোচ্য বিষয় ছিল—ইসলামী বিধান মেনে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই, জবাই-পরবর্তী পরিবেশ দূষণ রোধ এবং চামড়া দীর্ঘক্ষণ সতেজ রাখার আধুনিক কৌশল।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, চামড়া আমাদের জাতীয় সম্পদ। সঠিক পদ্ধতিতে চামড়া ছাড়ানো এবং সংরক্ষণ করা গেলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। পাশাপাশি যত্রতত্র ময়লা না ফেলে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষা করার আহ্বান জানানো হয়।
কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, শাহেনুর আলম এবং জেলা বিসিক ডেপুটি ম্যানেজার আশরাফুল ইসলাম বোরহান উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ওলামায়ে কেরাম, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
তাত্ত্বিক আলোচনার পাশাপাশি কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে-কলমে (প্র্যাক্টিক্যাল) প্রশিক্ষণ দেওয়া হয়। পবিত্র কুরবানীর দিনগুলোতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে এবং ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি চলমান রাখার আশাবাদ ব্যক্ত করে কর্মশালার সমাপ্তি ঘটে।