নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে অলওয়েদার সড়কে চালবোঝাই একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় অলওয়েদার সড়কের ভাতশালা সেতুর মিঠামইন অংশে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন— মিঠামইন উপজেলা সদরের মহিষারকান্দি গ্রামের মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের ছেলে মুহাম্মদ আয়ান (১০)। মনির হোসেন কিশোরগঞ্জ শহরে দুটি কোচিং সেন্টার পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় অষ্টগ্রাম থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও সন্তানকে নিয়ে মিঠামইনের দিকে ফিরছিলেন মনির হোসেন। পথে বিপরীত দিক থেকে আসা চালবোঝাই একটি পিকআপভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন সেটি আটকে দেন এবং চালককে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপভ্যানটি জব্দ করে এবং চালককে থানায় নিয়ে যায়।
অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।