মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। শনিবার (৩০ মে) সদর উপজেলার দাদশী বাজারে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা “মাদককে না বলুন” স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করেন। পরে একটি বিক্ষোভ মিছিল দাদশী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় চেয়ারম্যান দেলোয়ার শেখ, সমাজসেবক অনন্ত সরকার, সাংবাদিক সরদার রাজিব, শিক্ষক মো. রুবেল, যুবনেতা সাগর সরদার, সম্রাট হোসেন, মজনু ব্যাপারী, টিপু সরদার ও নিক্সন চৌধুরী সফিকসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মাদকের বিস্তার সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এর প্রভাবে যুব সমাজ বিপথগামী হচ্ছে এবং পারিবারিক ও সামাজিক অস্থিরতা বাড়ছে। মাদকের ভয়াল ছোবল থেকে সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সাংবাদিক সরদার রাজিব বলেন, বর্তমানে ইয়াবা ও ফেনসিডিল দেশের অন্যতম ক্ষতিকর মাদক হিসেবে ছড়িয়ে পড়েছে। সীমান্ত দিয়ে এসব মাদক দেশে প্রবেশ করছে উল্লেখ করে তিনি সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অভ্যন্তরীণ মাদকবিরোধী অভিযান আরও বাড়ানোর দাবি জানান।
সমাজসেবক অনন্ত সরকার বলেন, যে বয়সে কিশোরদের হাতে বই-খাতা থাকার কথা, সে বয়সেই অনেকেই মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। এতে পরিবার ও সমাজের ওপর ভয়াবহ প্রভাব পড়ছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে।
স্থানীয় চেয়ারম্যান দেলোয়ার শেখ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক ও সামাজিকভাবে মাদক কারবারি ও সেবনকারীদের বর্জন করতে হবে। একই সঙ্গে তাদের কোনো ধরনের প্রশ্রয় না দিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মানববন্ধন শেষে আয়োজকরা মাদক কারবারিদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।