এম,এম,রহমান,উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের আটক গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, আটক গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম ডাকুয়া (৬০)-এর সঙ্গে একই এলাকার আবু তাহের ডাকুয়া পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, গত ৩০ মে রাত প্রায় ১১টার দিকে আবু তাহের ডাকুয়ার ছেলে জাহিদ ডাকুয়া (২৮), তাহিদ ডাকুয়া (২৪), ইমন ডাকুয়া (২৫) ও ইয়াসিন ডাকুয়া (১৯) শহিদুল ইসলামের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।
এ সময় শহিদুল ইসলামের ছেলে হাফিজুর রহমান ডাকুয়া (২৩) এর প্রতিবাদ করলে অভিযুক্তরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে রুকাইয়া আক্তার (২৮), শাহানাজ বেগম (৫৭) ও হাবিবুর রহমান ডাকুয়া (৩৫) আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় শহিদুল ইসলাম ডাকুয়া বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।